চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ডিএডি মোতালেব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি অন্তত তিনজন র্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলেও নিরাপত্তা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে।
জিম্মি র্যাব সদস্যদের উদ্ধারে এবং সন্ত্রাসীদের আটক করতে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় অভিযান পরিচালনায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের মৃত্যুতে র্যাব ও বিজিবি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
ডেস্ক নিউজ 

















