জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এবার নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম। দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে দেখা যাবে না ভবিষ্যতে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।
তিনি বলেন, জাহানারার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।
যৌন হয়রানির অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।
এর আগে ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি জানায়, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।
জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। এর মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, যা সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
ডেস্ক নিউজ 















