নিজস্ব প্রতিবেদক
লিটল বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল। নামের সঙ্গে এ স্কুলের লোগোও বেশ চমৎকার। প্রতিষ্ঠানের লোগোতে চোখ বোলালে দেখা যাবে- আড়মোড়া ভেঙে দুই পাখা মেলে ওড়ার চেষ্টা করছে ছোট্ট পাখি। নাম ও লোগোর মতো প্রতিশ্রুতিও অনেক এ স্কুলের প্রতিষ্ঠাতা কবির হোসেনের। রাজধানীর মোহাম্মদপুরের আমতলা মোড়ে আবাসিক ভবনে কিন্ডারগার্টেন হিসেবে যাত্রা শুরু করলেও এখন চলছে দশম শ্রেণি পর্যন্ত। পাশের অন্য একটি স্কুলে রেজিস্ট্রেশন করে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, লিটল বার্ডস স্কুলের অধিকাংশ শিক্ষকই স্নাতক পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি তারা শিক্ষকতা করছেন। অর্থাৎ, পার্টটাইম শিক্ষক দিয়ে চলছে পাঁচ শতাধিক শিক্ষার্থীর এ স্কুলটি। ঘিঞ্জি পরিবেশ। শ্রেণিকক্ষে নেই আলো-বাতাস। অথচ শ্রেণিভেদে এমন একটি স্কুলে ভর্তি ফি দুই থেকে চার হাজার টাকা। আর মাসিক বেতন ৮০০-১২০০ টাকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুলের পরিচালক কবির হোসেন বলেন, ‘এ সরকার আসার পর থেকে শুনছি নতুন নীতিমালা করবে। কই, এখনো তো হলো না। ৪৫-৫০ হাজার স্কুল আছে। কয়টা বন্ধ করবে? বললেই তো হলো না। সরকারি স্কুলে কয়জন শিক্ষার্থী পড়তে পারে? সরকারি স্কুলে যা পড়ানো হয়, তার কোনটা আমরা পড়াচ্ছি না। বলার সময় অনেকে অনেক কথা বলেন। সরকারি স্কুলেও তো ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের অনেক সময় গাদাগাদি করে বসানো হয়। আমাদের এখানকার পরিবেশ তার চেয়ে অনেক ভালো।’
তবে নীতিমালা হলে সবাই যদি তা মেনে নিবন্ধন করেন, লিটল বার্ডস স্কুলের পক্ষ থেকে তিনিও মেনে চলবেন বলে জানান কবির হোসেন।
শুধু লিটল বার্ডস স্কুল নয়, রাজধানীসহ সারাদেশে ৪৭ হাজারের বেশি এমন কিন্ডারগার্টেন স্কুল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এসব স্কুলের ৯০ শতাংশেরই নিবন্ধন নেই। যে ১০ শতাংশ নিবন্ধন নিয়েছে, সেগুলো চলছে পার্টটাইম শিক্ষক দিয়ে। নেই নিয়ম-নীতির বালাইও। ছোট জায়গা ভাড়া নিয়ে আলো-বাতাসহীন ভবনে চলছে ক্লাস-পরীক্ষা। গ্রন্থাগার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেটের ব্যবস্থাও নেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে।
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব কিন্ডারগার্টেন স্কুল নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিধিমালা প্রস্তুত করে তা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সবশেষ আইন মন্ত্রণালয়ের ভেটিংও শেষ। এসআরও নম্বর পাওয়ার অপেক্ষা। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধিমালাটি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী সপ্তাহে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বিধিমালা অনুযায়ী- দেশে কিন্ডারগার্টেন, নার্সারি, কেজি ও প্রিপারেটরি স্কুল নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, তা আর থাকবে না। সরকারি প্রাথমিক বাদে বাকি সব স্কুল হবে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। অনিবন্ধিত এসব স্কুলকে বিধিমালার গেজেট জারির তিনমাসের মধ্যে নিবন্ধন নিতে আবেদন করতে হবে।
জারি হতে যাওয়া এ বিধিমালায় স্কুলে প্রাথমিক অনুমোদন, নিবন্ধন, নবায়ন, শিক্ষক নিয়োগ, ভবনের জমির আয়তন, তহবিল গঠন ও পরিচালনা, ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ফলে প্রতিষ্ঠান চালানো মালিকপক্ষ কোনো অজুহাত দেখাতে পারবেন না বলে মনে করছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘ফেব্রুয়ারি থেকে আমরা জোরেশোরে এটা (বিধিমালা) নিয়ে কাজ করেছি। এ বিধিমালা এখন চূড়ান্ত। আইন মন্ত্রণালয় থেকে এসআরও নম্বর পেলেই গেজেট জারি হবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত হবে কিন্ডারগার্টেন বা নার্সারি স্কুলগুলো। বাংলা-ইংরেজি সব মাধ্যমের স্কুলকে এ বিধিমালা মেনে চলতে হবে। বিধিমালা জারির পর আমরা তিনমাস সময় দেবো। এর মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। যারা আবেদন করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Reporter Name 




















