নিজস্ব প্রতিবেদক
ঢাকা অঞ্চলে শিল্পকারখানায় গ্যাসের স্বল্পচাপ দূর করতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সিলিন্ডারে ভরে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সিএনজি সিলিন্ডারে করে ভোলার গ্যাস সরবরাহের এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
ভোলায় গ্যাস উত্তোলন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আর বাপেক্সের কাছ থেকে কিনে নিয়ে ভোক্তাপর্যায়ে তা সরবরাহ করছে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি। সুন্দরবনের কাছ থেকে কিনে নিয়ে শিল্পে গ্যাস সরবরাহের কাজটি করবে সিএনজি খাতের কোম্পানি ইন্ট্রাকো।
প্রতি সিলিন্ডারে গ্যাস থাকবে সাড়ে তিন হাজার ঘনমিটার। বিশেষ ট্রাকে করে এটি পরিবহন করা হচ্ছে। এই সিএনজির প্রতি ঘনমিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা। আর পাইপলাইন থেকে এখন সরাসরি শিল্প গ্যাস পাচ্ছে ৩০ টাকায়। আজ ঢাকার ধামরাইয়ে বস্ত্র খাতের একটি কারখানায় গেছে এই গ্যাসের প্রথম সরবরাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘দেশের ইতিহাসে এভাবে গ্যাস সরবরাহের এটি প্রথম ঘটনা। সিলিন্ডারের পাশাপাশি ভোলার গ্যাস বাইরে আনতে বরিশালের সঙ্গে একটি পাইপলাইন করা হবে। এরপর তা খুলনার শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। উত্তরাঞ্চলেও গ্যাস সরবরাহের চিন্তা আছে। রংপুর পর্যন্ত এরই মধ্যে গ্যাস পাইপলাইন চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘শিল্পে গ্যাসের এত বেশি চাহিদা, দামের প্রশ্ন আসছেই না।’
ভোলার গ্যাস দিনে এখন ৫০ লাখ ঘনফুট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম। তিনি বলেন, ‘ভোলার গ্যাস সরবরাহ কেবল শুরু। এটি ধাপে ধাপে আরও বাড়ানো হবে। সম্পদ মাটির নিচে না রেখে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই আরও বেশি কূপ খনন করে দেশে উৎপাদন বাড়ানোর চেষ্টা জোরদার করা হচ্ছে। এলএনজি আমদানি কমাতে পারলে অর্থনৈতিক সাশ্রয় হবে।’
দেশে চাহিদা মেটাতে নানান উপায়ে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে জানিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘নতুন নতুন কূপ খনন করে গ্যাসের উৎপাদন বাড়ানো হচ্ছে। এলএনজি আমদানি বাড়ানো হচ্ছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে গ্যাস আনার চিন্তা করা হচ্ছে।’
ভোলা থেকে গ্যাস সরবরাহের কাজ করছে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো। এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী বলেন, ‘পরীক্ষামূলকভাবে আগে থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্ষাকাল, বৈরী প্রকৃতিসহ নানান কারণে সরবরাহ শুরু করতে একটু দেরি হয়েছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির চেয়ারম্যান এইচ এম হাকিম আলী।
ব্রেকিং :
ভোলার গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে
-
Reporter Name - Update Time : ০৭:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- 174
জনপ্রিয়





















