নিজস্ব প্রতিবেদকঃ বয়রা নুরনগরে মাছচুরিকে কেন্দ্র করে পাহারাদারসহ চারজনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। নুরনগর মুন্সীপাড়ার রুবেল বিশ্বাসের ঘেরের মাছ চুরির চেষ্টায় ১১ আগষ্ট বুধবার অভিযুক্ত মোঃ কালু (৪৭) ও তার ছেলে নজরুল (২১) কে বাঁধা দেওয়ায় ঘটনাটি ঘটে।
বুধবার বিকাল চারটায় নুরনগর মুন্সীপাড়ায় ঘেরের পাহারাদার মোঃ আশিক (২৪) লক্ষ্য করেন কিছু ব্যাক্তি বরশির সাহায্যে ফাঁদ পেতে মাছ ধরছে। অন্যপ্রান্তে থাকা মো লিমন(১৭), মোঃ রাব্বি (১৮) ও রাহাত (১৬) কে ডাক দেন তিনি। আওয়াজ শুনে জোড়াগেট রেলক্রস সংলগ্ন এলাকার মোঃ কালু ও তার ছেলে নজরুল ইসলামসহ অজ্ঞাত ৮ জন পালানোর চেষ্টা করেন।এমতাবস্থায় তাদেরকে হাতেনাতে ধরায় মারপিট করে অভিযুক্তরা ।মারপিটে ভুক্তভোগী ৪ জন ও অভিযুক্ত কালু আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে মৎস্য ঘেরের মালিক মোঃ রুবেল বিশ্বাস এ প্রতিবেদককে জানান, অভিযুক্ত কালু সন্তানদের নিয়ে প্রায়ই এখানে মাছ চুরি করে। কয়েকবার ধরার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন তিনি।তুচ্ছ ঘটনা বিধায় পূর্বে আইনগত ব্যাবস্থা নেননি তিনি। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি।
Reporter Name 

























