খুলনা ব্যুরোঃ
খুলনা নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শেখ রিয়াজ শাহেদ পারভেজকে (৪০) লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে দৌলতপুর থানাধীন বিএল কলেজের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এসময় সঙ্গে থাকা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রফিকুল ইসলামও (৩২) আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিয়াজ শাহেদ বিএল কলেজ ছাত্রদলের নেতৃত্বে ছিলেন। এরপর তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দৌলতপুর লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কাজ শেষে বিএল কলেজের সামনে দিয়ে মোটরসাইকেলে করে খালিশপুরে তার বাড়িতে যাচ্ছিলেন রিয়াজ। রাত ৯টার দিকে কলেজের ২ নম্বর গেটে স্পিড ব্রেকার পার হওয়ার পরপরই পেছন থেকে একটি সাদা প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রিয়াজের মোটরসাইকেলকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় রিয়াজের ডান হাতের বাহুতে গুলি লাগলে তিনি মোটরসাইকেল থেকে লাফিয়ে নিকটস্থ রেললাইনের দিকে চলে যান।
দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক ও রিয়াজের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার রফিকুল ইসলামের পিঠে একাধিক গুলি করে। এ সময় গুলির শব্দে এলাকাবাসী চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এলাকাবাসীরা রিয়াজ ও রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর থেকেই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছিল। তবে রিয়াজের ওপর হামলার ঘটনার সাথে এর কোন সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত নন বিএনপি নেতারা।
তবে রিয়াজ শাহেদের ওপর দুর্বৃত্তদের গুলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এই ঘটনার অনুরূপ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতারা।
আহত রিয়াজ শাহেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চলাকালীন সময়ে তার আত্মীয়দেরকে জানান, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। কোনো রকমে তিনি জীবন বাঁচিয়ে পালিয়েছেন। কারা গুলি করেছে সেটা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা গুলির ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যাই। সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। একটি নম্বরবিহীন সাদা প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা হামলা করেছে।
Reporter Name 
























