ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন।
তিনি বলেন, ‘মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেবো।’
শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরও জানান, তিনি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছিলেন, কিন্তু বর্তমানে এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম না থাকায় তিনি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।
একজন আওয়ামী লীগ কর্মীর এমন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
ওই দোয়া মাহফিলে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী আনজুমান বানু উপস্থিত ছিলেন।
কাজী আতিয়ার রহমান রবির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, প্রকাশ্য মঞ্চে এ ধরনের বক্তব্য দেওয়া তার উচিত হয়নি এবং এতে দল বিব্রত হয়েছে।
তিনি জানান, কাজী আতিয়ার রহমান রবি আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন।
ডেস্ক নিউজ 























