খুলনা সদর এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে ইয়াবা ও গাঁজা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ভোর পৌনে ছয়টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা কন্টিনজেন্ট এবং খুলনা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর থানাধীন ৬ নম্বর ঘাট কয়লার ডিপো বস্তি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বস্তির একাধিক বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
এ ছাড়া দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা খুলনা সদর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি এবং অভিযান শেষে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নিরাপদে প্রত্যাবর্তন করেছেন।
ব্রেকিং :
খুলনায় নৌবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক উদ্ধার, আটক ৫
-
স্টাফ রিপোর্টার - Update Time : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- 59
Tag :
জনপ্রিয়
























