পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ দেন।
নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রথা রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন অর্থ এমন প্রথা ও রীতিও, যার আইনের ক্ষমতা রয়েছে। সে অনুযায়ী রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
এতে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার ফলে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হতে পারে, যা ধর্মীয় অনুশীলনের অন্তরায় হতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে যানজট বাড়ে এবং এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়।
ডেস্ক নিউজ 

























