রাজধানীর মিরপুর এলাকায় রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানসমূহ অপসারণে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ডিসি (ট্রাফিক-মিরপুর) এর দিকনির্দেশনায় এবং এসি (ট্রাফিক-পল্লবী) এর নেতৃত্বে মিরপুর মডেল থানার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কে অবৈধভাবে দখল করে বসানো দোকান, হকার ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতেই এ কার্যক্রম হাতে নেওয়া হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তারা জানান, সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনোভাবেই রাস্তায় দোকান বা অস্থায়ী স্থাপনা বসতে দেওয়া হবে না।
এ সময় স্থানীয় জনসাধারণ ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানান এবং রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরিয়ে আনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক 





















