মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রায়ের দিন ধার্য হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করা হয়েছে। তিনি বলেন, “আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন, তবে আমাদের পক্ষ থেকে প্রার্থনা, আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক।”
মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছেন। মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠা।
ডেস্ক নিউজ 




















