জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৬ জন আসামিকে হাজির করা হয়েছে। এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার গ্রেপ্তার এই ৬ জনের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাইব্যুনালে উপস্থিত আসামিরা হলেন— পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়।
ডেস্ক নিউজ 




















