ঢাকা ওয়াসা-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন।
রোববার (৮ মার্চ) তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’—এমন খবর প্রকাশের পর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে পদত্যাগ করতে বলা হলে তিনি পদত্যাগ করেন।
এদিকে তার পদত্যাগপত্র ইতোমধ্যে গৃহীত হয়েছে বলে জানা গেছে। তবে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেস্ক নিউজ 


















