ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়।
শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ডিপজল বিভিন্ন সময় তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও প্রচারণা চালিয়েছেন। গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে বাদীর বিরুদ্ধে একটি সিএনজি ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে অভিযোগ আনা হয়। তবে ওই অভিযোগের তদন্তে বাদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আজিজুর রহমান টাইগারের দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। এরপরও ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেন। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ডেস্ক নিউজ 























