রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ওষুধ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম প্রতিরোধ এবং এন্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্থানীয় অনুরাগ চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) মোহাম্মদপুর-আদাবর থানা উপ-শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক আহসান হাবীব। তিনি তার বক্তব্যে জীবন রক্ষাকারী ওষুধের সঠিক মান বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে ফার্মাসিস্ট ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকার ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম এবং দেওয়ান আশিক মাহমুদ। বক্তারা ওষুধের অবৈধ ব্যবসা বন্ধ এবং সরকারি নিয়ম মেনে ওষুধ বিক্রির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিসিডিএস মোহাম্মদপুর-আদাবর শাখার সভাপতি সৈয়দ হুসাইন নূর ইসলাম তালুকদারের (জুয়েল) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব বাবু। সভায় মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ঔষধ খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 
























