যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত হয়েছেন কেটি জাচারিয়া। শুক্রবার (১৬ অক্টোবর) ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব নেওয়ার শুরু থেকেই নিজের পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সংবাদ ব্রিফিং ও সাক্ষাৎকারে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েন জাচারিয়া। তাঁর দ্রুত বিদায়ের ফলে হোয়াইট হাউসের মুখপাত্রের পদটি আবারও শূন্য হলো।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। এ সময়ে ট্রাম্প প্রশাসনের অর্জন তুলে ধরা এবং কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা হোয়াইট হাউসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প জানান, সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি জাচারিয়াকে নিজের দায়িত্ব নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন। ট্রাম্পের ভাষ্য, তিনি জাচারিয়াকে বলেছিলেন, এই দায়িত্বে তিনি সুখী থাকতে পারবেন কি না, তা ভেবে দেখতে।
গত ১২ অক্টোবর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন জাচারিয়া। পরদিন তিনি প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। এর আগে ক্যারোলিন লেভিট এ পদে দায়িত্ব পালন করেছিলেন।
দায়িত্ব নেওয়ার পর জাচারিয়ার আইন পেশায় কাজ করার দাবি নিয়ে বিতর্ক শুরু হয়। ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বুধবার এক ইমেইল বিবৃতিতে জাচারিয়া জানান, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন নিয়ে কাজ করেছেন।
তবে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ওয়াশিংটন ডিসিতে তিনি আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন বা কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন—এমন প্রমাণ তারা খুঁজে পায়নি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাচারিয়া স্বীকার করেন, তিনি আইনজীবীদের বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
এদিকে, ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমে প্রচারিত খবর নিয়ে অসন্তোষের কারণে প্রেসিডেন্ট নতুন মুখপাত্র খুঁজছিলেন বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, প্রশাসনের অর্জন আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন—এমন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থেকেই জাচারিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
শুক্রবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনো তাড়া নেই।
জাচারিয়ার দ্রুত বিদায়ের ফলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারিদের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারীদের একজন হয়ে উঠেছেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্কারামুচি লিখেছেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের দুর্ভোগে তিনি আনন্দ পান না।
সূত্র: রয়টার্স
ডেস্ক নিউজ 





















