নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিনসহ দুই কর্মকর্তার আচরণ নিয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের কাছে অভিযোগ দিয়েছিলেন অধীন কর্মচারীরা। এরমধ্যে সৈয়দা সালমা জাফরিনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রোববার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে অপর অভিযুক্ত মন্ত্রিসভা-রিপোর্ট ও রেকর্ড অধিশাখার যুগ্মসচিব ইয়াসমিন বেগমের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের কাছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সই করা অভিযোগপত্রে বলা হয়, মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিন এবং মন্ত্রিসভা-রিপোর্ট ও রেকর্ড অধিশাখার যুগ্মসচিব ইয়াসমিন বেগম বরাবরই তাদের অধীনদের প্রতি রূঢ় আচরণ করেন।
তারা অভিযোগ করেন, দুই কর্মকর্তার কারণে সংশ্লিষ্টদের জন্য কর্ম-পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তাদের অগ্রহণযোগ্য আচরণ কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সামান্য ভুল যেন এ অনুবিভাগের কারও জন্য জীবন দুর্বিষহ করার নামান্তর। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে নানা ধরনের অগ্রহণযোগ্য আচরণ করলেও বর্তমানে প্রতিমুহূর্তে তাদের এ আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের রূঢ় আচরণের ফলে আমরা আতঙ্কে দিন পার করছি, যা দিনে দিনে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ব্যক্তিগত আক্রমণ ছাড়াও অপ্রয়োজনে অফিস সময়ের পরেও অফিসে আটকে রেখে হেনস্তা করা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে।
কর্মচারীরা বলছেন, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন উপনামে যেমন ‘বেবি এলিফ্যান্ট’, ‘জমিদারের বাচ্চা’, ‘নবাবপুত্র’ ইত্যাদি ডাকা প্রতিদিনকার ঘটনা। প্রায় সময় চাকরিচ্যুত করার হুমকি দেন এবং মন্ত্রিপরিষদ বিভাগে চাকরির অযোগ্য বলে চাকরি ছেড়ে বাড়ি চলে যেতে বলেন ওই দুই কর্মকর্তা।
ব্রেকিং :
কর্মচারীদের ‘তুচ্ছ তাচ্ছিল্য’ করায় অভিযুক্ত অতিরিক্ত সচিবকে বদলি
-
Reporter Name - Update Time : ০৮:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- 189
জনপ্রিয়





















