খুলনা: খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে (২৮) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে তারা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় তার নির্মাণাধীন বসতবাড়ির গোয়ালঘরের সামনে রাখা একটি ইজিবাইকের পুরাতন সিটের নিচে লুকানো একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের
গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত সুজন সরকারকে উদ্ধারকৃত আলামতসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















