ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দু’টি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে রওনা হয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করেছে।
নতুন বহরে মোট ১১টি নৌযানে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছে। এফএফসি জানায়, এরা অগ্রবর্তী জাহাজগুলোর কাছাকাছি পৌঁছিয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে এগোবে। জোটটি ২০০৮ সালে গঠিত এবং এর আগে বিভিন্ন সময়ে গাজায় ত্রাণ পাঠিয়েছে।
গত আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ৪৩টি ত্রাণবাহী নৌযান পাঠানোর পর বেশিরভাগ নৌযান ইসরায়েলের নৌবাহিনী আটক করেছিল। তবু নতুন বহর পাঠানোর ঘোষণা দিয়েছে এফএফসি।
ডেস্ক নিউজ 


















