নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে লুট করেছে সন্ত্রাসীরা। ধারণা করা হচ্ছে এ হামলার পেছনে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাত রয়েছে। ব্যাংকে হামলার তিন সপ্তাহ আগে এক ফেসবুক পেজ থেকে ‘বদলা নেওয়ার’ ঘোষণা দেয় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী এ সংগঠন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাদের দুই সদস্যকে আটকের ‘ফিডব্যাক’ হিসেবে তারা এ ঘোষণা দিয়েছিল।
‘কুকি-চিন ন্যাশনাল আর্মি- কেএনএ’ নামের এক ফেসবুক পেজ থেকে গত ১২ মার্চ এক পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী চুক্তি ভঙ্গ করে বম সম্প্রদায়ের নিরীহ জনগণ লালমুয়ানওম বম (গিলগাল বা অবচলিত পাড়া) এবং রামনুয়াম বমকে (দুনিবার পাড়া) আটক করেছে। এর ফল খুব সুন্দরভাবে ফিডব্যাক দেওয়া হবে। নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করা না হলে।’
সংগঠনটির ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্বে থাকা ক্যাপ্টেন ফ্লেমিংয়ের বরাতে এ ঘোষণা দেওয়া হয়। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটির এ ঘোষণার ২১ দিনের মাথায় গতকাল বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে।
এদিকে, বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় থানচিতে সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ব্যাংক দুটি থেকে নগদ টাকা লুট করা হয়। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
থানচির শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুটি ব্যাংকে লুটতরাজ চালিয়ে আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ‘থানচি সদরের সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে নগদ টাকা নিয়ে গেছে।’
স্থানীয় সূত্র জানায়, থানচির শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুটি ব্যাংকে লুটতরাজ চালিয়ে আবার ওই তিন গাড়িতে শাহজাহানপুরের দিকে চলে যায়।
টানা দুদিনের হামলায় বান্দরবানজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী এবং পুলিশের টহল বাড়িয়ে নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী এ সংগঠনটির সামরিক শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ নামে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ বিষয়ে জানতে জাগো নিউজের পক্ষ থেকে সংগঠনটির ই-মেইলে মেইল করা হলেও বুধবার দুপুর ২টা পর্যন্ত তারা এর কোনো জবাব দেয়নি।
ব্রেকিং :
‘ঘোষণা দিয়েই’ বান্দরবানে হামলা চালালো কেএনএফ
-
Reporter Name - Update Time : ০৯:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- 149
জনপ্রিয়





















