জাপানি অ্যানিমেশন জগতের কিংবদন্তি নির্মাতা এবং বিশ্বখ্যাত কার্টুন সিরিজ ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘আজিয়াদো’ এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সুতোমু শিবায়ামা জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৬৩ সালে কর্মজীবন শুরু করে তিনি ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করেন এবং পরবর্তীতে নিজের স্টুডিও গড়ে তোলেন।
বিশেষ করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ‘ডোরেমন’ সিরিজ ও এর চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার হাত ধরেই নবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলো কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।
ডোরেমন ছাড়াও তিনি ‘নিন্তামা রান্তারো’, ‘চিবি মারুকো-চান’সহ একাধিক জনপ্রিয় অ্যানিমেশন সিরিজে কাজ করেছেন। অ্যানিমেশন জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকার তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।
তার মৃত্যুতে বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ইচ্ছায় ব্যক্তিগতভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
ডেস্ক নিউজ 























