অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের ইতালির রোম সফর শেষে দেশে ফিরেছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রোমে অবস্থানকালে অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেন এবং বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এফএও মহাপরিচালক কু ডংইউ, আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিও এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউসহ একাধিক বিশ্বনেতা ও কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া, রোমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ডেস্ক নিউজ 





















