গাজীপুরে নিজ বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া এবং সে সংক্রান্ত মন্তব্যের জেরে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সন্ত্রাসী বিরোধী আইনে করা একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আসামী পক্ষ জামিনের আবেদন জানান। তবে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি দাবি করেন, বিদ্যুৎ বিলের বিষয় বা সিফাতের বক্তব্যের কোনো উল্লেখ মামলার এজাহারে নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানি করার জন্য তাকে ৪ জুনের একটি অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান জানান, সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং এনসিপির একজন সক্রিয় কর্মী, যিনি বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করে জানান, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন।
গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে গাছা থানা পুলিশ সিফাতকে আটক করে। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। সিফাত তার একটি ভিডিওতে অভিযোগ করেছিলেন, গত দুই মাসে তাদের প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে।
তবে সিফাতের ভিডিওবার্তার পর গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পক্ষ থেকে অভিযোগটির একটি তদন্ত পরিচালনা করা হয়। উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সিফাতের বাবার নামে থাকা তিন তলা বাড়ির তিনটি মিটারে মে থেকে আগস্ট—এই চার মাসে মোট ২,০৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়, যার বিপরীতে বিল এসেছে ১৬,২৭৩ টাকা। পল্লী বিদ্যুৎ সমিতি দাবি করেছে, সিফাতের আনা অভিযোগ সত্য নয়।
ডেস্ক নিউজ 






















