নিজস্ব প্রতিবেদক
ঢাকার তাপমাত্রা কমাতে বুশরা আফরিনের ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তার বাবা ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, বুশরা আফরিনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোনো অফিস বা চেয়ারও নেই। বুশরা বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে তাকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তার নিয়োগের সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই। আমাদের এখানে ‘চিফ হিট অফিসার’ নামে কোনো পদও নেই।
সোমবার (৮ মে) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়রস কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশন বুশরার কোনো বেতন-ভাতা বা গাড়ির সুবিধা দেবে না। তার যা যা দরকার সব কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার দেবে। প্রতিষ্ঠানটি বিশ্বে এখন পর্যন্ত সাতজন নারী চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, বুশরা আফরিন আমার মেয়ে। আমি তাকে বলেছি, বাবা তুমি শক্ত থাকো। কারণ আমি ও আমার মেয়ে জানি যে সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি। বুশরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় অফিসার হয়েছে। একই সঙ্গে সে ইসলাম গার্মেন্টস গ্রুপের ডিরেক্টর। সে তার নিজের ব্যবসা, কাজ ফেলে রেখে চিফ হিট অফিসার হিসেবে কাজ করবে।
মেয়র আতিকুল বলেন, বুশরা এখানে কার ছেলে বা কার মেয়ে সেটি মুখ্য নয়। সমগ্র এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন, এটা কিন্তু একটি বড় মেসেজ। তাই আমাদের তাকে নিয়ে গর্ব করা উচিত।
ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। এ চুক্তির ফলে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে। বুশরা এশিয়ার প্রথম চিফ হিট অফিসার।
বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি ঢাকার তাপমাত্রা কমাতে গত বুধবার (৩ মে) ডিএনসিসির সঙ্গে একটি চুক্তি করে। চুক্তি মোতাবেক তাদের কাজের অংশ হিসেবে ‘চিফ হিট অফিসার’ পদে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়।
ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন বুশরা। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন। এ সময়ে ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজ করেন।
বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এছাড়া বাংলাদেশের প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে তিনি বিপথগামী প্রাণীদের মানবিক চিকিৎসা এবং কল্যাণ পরিচালনার জন্য একটি নীতি তৈরি করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে। সবশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন বুশরা আফরিন, যিনি এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার।
চিফ হিট অফিসার পদে নিয়োগ পাওয়ার পর বুশরা আফরিন বলেন, তীব্র তাপপ্রবাহের মতো এক অদৃশ্য ঝুঁকির বিষয়ে মানুষকে জানাতে হয়। বিশ্বের অনেক দেশ মানুষকে এ বিষয়ে আগে থেকেই সাবধান করে। তাপপ্রবাহের মধ্যে বাইরে গেলে কী করতে হবে, সে পরামর্শ দেওয়া হয়। তবে বাংলাদেশে এটা নেই। তিনি বলেন, আমরা হিট মেসেজিং নিয়ে কাজ করবো, সচেতন করবো। কারণ সচেতনতা হলো প্রতিরোধের প্রথম ধাপ। বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং যারা শারীরিকভাবে অসুস্থ, তারা যেন নিরাপদে থাকেন। এগুলো আমাদের এখানে মানুষ জানে না।
ব্রেকিং :
বুশরার নিয়োগের সঙ্গে সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই: মেয়র আতিক
-
Reporter Name - Update Time : ০৮:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- 262
জনপ্রিয়



















