অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেন লিওন এই আদেশ দেন।
এর আগে, শাহবাগ থানার মামলায় ঢাকার সিএমএম আদালত এবং মহানগর দায়রা জজ আদালতেও আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। ৫ অক্টোবর ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরিন মুন শুনানিতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে।
আগস্টে একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামি ছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি সমাবেশে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত লোকজনকে প্ররোচিত করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনকে ব্যবহার করে দেশের অস্থিতিশীল করার উদ্দেশ্যে বক্তব্য দেন। এর ফলে উপস্থিতরা তাদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ স্লোগান দেয়।
ডেস্ক নিউজ 




















