বড় পর্দায় নায়িকা হওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে মডেল ও অভিনেত্রী সিনথিয়া আশার। যশোরের মেয়ে সিনথিয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মুকুল নেত্রবাদী। তাঁর নতুন চলচ্চিত্র ‘দুধমা’য় অভিনয়ের মধ্য দিয়ে নবাগতা চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার।
কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার একনিষ্ঠ ভক্ত সিনথিয়া। ছোটবেলা থেকেই ববিতার প্রাণবন্ত অভিনয় তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আকৃষ্ট করেছে। স্কুলজীবনে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। সেই আগ্রহ থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু।
বর্তমানে সিনথিয়া যশোর উপশহর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়ের চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। স্কুল ও কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।
সাংস্কৃতিক অঙ্গনে সিনথিয়ার এগিয়ে চলার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর বাবা মো. কামরুজ্জামান ও মা মিনু বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে সিনথিয়া ছোট। বড় ভাই আলী আকবর খেলাধুলার প্রতি আগ্রহী হলেও ছোট বোনের সাফল্যে সব সময় উৎসাহ জোগান।
বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়ার বিষয়ে সিনথিয়া জানান, প্রোডাকশন ম্যানেজার মো. আজিজের মাধ্যমে পরিচালক মুকুল নেত্রবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপরই ‘দুধমা’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসে।
সিনথিয়া বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাটকে অভিনয় করলেও বড় পর্দায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি। তাই নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। ইতিমধ্যে নাচের ক্লাসে ভর্তি হয়েছেন। পাশাপাশি নিয়মিত অভিনয়ের চর্চা করছেন। বড় পর্দার ক্যামেরার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে এবং সংলাপ বলতে হবে, সেসব বিষয়ও নতুন করে শিখছেন।
চলচ্চিত্র পরিচালক মুকুল নেত্রবাদী বলেন, ‘আমি বরাবরই নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় সিনথিয়াকে আমার নতুন চলচ্চিত্র “দুধমা”য় যুক্ত করেছি। নবাগত চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় এটিই হবে তাঁর প্রথম কাজ।’
নির্মাতা আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং শুরু হবে।
আহমেদ সাব্বির রোমিও 





















