নাটোরের সিংড়া উপজেলায় এক শিক্ষককে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে জনতার দেওয়া আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কদমতলা কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রেজাউল করিম (৫৩) সিংড়া উপজেলার জিয়া পরিষদের সদস্য এবং নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি ছিলেন। তিনি বিলহালতি ক্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার শেষে রেজাউল করিম বাড়ির আশপাশে হাঁটছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পাশের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির ভাতিজা আবদুল ওহাবের বাড়ি ও দোকানে আগুন দেয়। এতে পুরো বাড়ি ও দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে সাবিহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি আলাউদ্দিন মুন্সির বড় ভাইয়ের স্ত্রী।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহত রেজাউল করিমের গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডেস্ক নিউজ 























