ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যমানের দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫)। তিনি একাধিক মাদক ও চুরি মামলার আসামি এবং একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে আসছে। খুন, ধর্ষণ, নাশকতা ও প্রতারণাসহ নানা ধরনের অপরাধ দমনের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, একটি চোরাকারবারি চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে সুবিধাজনক স্থানে মজুদ করছে এবং সুযোগ বুঝে বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির ওজন ১১৮ দশমিক ৬০ কেজি এবং উচ্চতা প্রায় ৪৯ ইঞ্চি।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখের পিতার নাম মোঃ আকবর হোসেন শেখ। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুরাইচ এলাকার শেখ বাড়িতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করতেন। র্যাব জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরি সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত কষ্টিপাথরের এই মূর্তিটি শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এমন নিদর্শন আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে গভীরভাবে জড়িত। এসব প্রত্নসম্পদ সংরক্ষণ কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, বরং জাতির প্রতি একটি গুরুত্বপূর্ণ নৈতিক দায়বদ্ধতা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক নিউজ 























