বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে রকি মাহমুদ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার কাস্টমস অফিস সংলগ্ন নার্সারির সামনের রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম নতুন পাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রকি মাহমুদ কাস্টমস অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে রকির মাথার পেছনে উপর্যুপরি কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জয়দেব কুমার দাস 






















