ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক এক নাগরিক সংলাপ আজ শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সংলাপে খুলনার সংসদ সদস্যদের ছয়টি আসনের এমপি প্রার্থীরা অংশগ্রহণ করেন।
সংলাপে খুলনার সাধারণ জনগণ এলাকার দীর্ঘদিনের নানা সমস্যা ও দাবিদাওয়া প্রার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় বন্ধ হয়ে যাওয়া পাটকল পুনরায় চালু করা, সুন্দরবন রক্ষা, বন্যাকবলিত অঞ্চলের উন্নয়ন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, ডাবল রেললাইন স্থাপন, বেকার সমস্যা নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
উপস্থিত সংসদ সদস্য প্রার্থীরা খুলনাবাসীর এসব দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, খুলনার শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
অনুষ্ঠানের শেষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনার সংসদ সদস্য প্রার্থীদের কাছে বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারক প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার 






















