কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেফাজুল ওই এলাকার জামাত আলীর ছেলে।
ঘটনার সময় স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডল (৫০) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রেফাজুল একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। একই সময়ে দুর্বৃত্তরা লালন মন্ডলকেও কুপিয়ে জখম করে।
আহত লালনের স্বজনরা জানান, তিনি ওই এলাকায় চা বিক্রি করেন। ঘটনার সময় তিনি ছেলেকে আনতে যাচ্ছিলেন, এসময় হামলার শিকার হন।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কারা এ হত্যায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ডেস্ক নিউজ 























