পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে শুক্রবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি খুবই দুঃখজনক।
বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরবে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। আমরা আমাদের নিজস্ব উপায়ে বন্ধু দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে, এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি বৈঠকের সাইড লাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন চাওয়া হয়েছে। প্রায় ৪০ বছর পর আবারও এ পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
ডেস্ক নিউজ 



















